করোনার সময় দেশের ৮৩ শতাংশ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান (এমএসএমই) লোকসানে পড়েছে। রপ্তানিমুখী কারখানা, বিশেষ করে পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬ শতাংশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হওয়া বা বেচাকেনা কমে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে। ২১ শতাংশ প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।বিশ্বব্যাংক গোষ্ঠীভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) এক সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে। গত জুন ও আগস্ট মাসের মধ্যে দেশের ১২টি জেলার পাঁচ শতাধিক এমএসএমই এই জরিপে অংশ নেয়। জরিপে পোশাক, কৃষি, খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান বেশি ছিল। জরিপের শিরোনাম ‘বিজনেস পালস সার্ভে: ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন এমএসএমই ইন বাংলাদেশ’। কোভিড-১৯–এর কারণে দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর কী ধরনের প্রভাব পড়েছে, সেই চিত্র এ জরিপে উঠে এসেছে। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সমীক্ষাটির তথ্য-উপাত্ত সংগ্রহ করার সময় আগের এক মাসের পরিস্থিতি বিবেচনায় প্রশ্ন করা হয়। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ শতাংশ আসে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান থেকে। প্রায় ২ কোটি নারী-পুরুষ এই খাতে কাজ করেন। আইএফসির সমীক্ষায় বলা হয়, করোনার সময়ে এমএসএমই খাতে কর্মরত ৩৭ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েন। যদিও লকডাউন উঠিয়ে দেওয়ার ফলে কিছু লোক কাজে ফিরেছেন। কিন্তু বেশির ভাগ প্রতিষ্ঠান আর্থিকভাবে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ফলে ৭০ শতাংশ কর্মীর চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে।






