এবারের উৎসবে মন ভালো নেই কুমার বিশ্বজিতের

করোনার আতঙ্কে জনজীবন বেহাল। তাই এবার দুর্গাপূজায় তারকাদের উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়েছে। বিগত বছরের মতো নয়, এ বছর পূজার আনন্দ কিছুটা হলেও রংহীন। কেউ উদযাপন করবেন স্বল্প পরিসরে। কারও সময় কাটবে বাসায়। আর সুযোগ পেলে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঢুঁ মারবেন পূজামণ্ডপে।

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মনটা বেশিই খারাপ। করোনার কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে আটকে আছেন এই সংগীতশিল্পীর স্ত্রী। ছেলে নিবিড়কে নিয়ে তিনি আছেন ঢাকায়। গত বছরের শেষ দিকে মাকে হারান তিনি। অনেক জনপ্রিয় বাংলা গানের এ শিল্পী বলেন, ‘ভাবলেই বুকটা আটকে আসে, মা নেই। মা ছাড়া পৃথিবী ভাবতেও পারিনি আগে। এই সময়ে যাঁদের প্রিয়জন চলে গেছেন, তাঁদের আত্মার প্রতি আমার শ্রদ্ধা।’