চাঁদ। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীর মতো এর কোনো বায়ুমণ্ডল নেই বলেই জানি আমরা। একেবারে নেই বলা অবশ্য ভুল। চাঁদের পুরো বায়ুমণ্ডলের মোট ভর যোগ করলে ১০ মেট্রিক টনের সামান্য কম হয়। পরিমাণটা যদি আপনার বেশি মনে হয়ে থাকে, তবে একটি তথ্য জেনে নিশ্চয়ই চমকে যাবেন। চাঁদের বায়ুমণ্ডলের এটুকু পদার্থের চাপ পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় ১০ কোটি কোটি গুণ (১ এর পরে ১৫টি শূন্য) কম। চাঁদের এই সামান্য বায়ুর উপস্থিতির পেছনেও দায়ী সূর্য। সৌরবায়ুর প্রভাবে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন পদার্থের খাঁজে লুকিয়ে থাকা, জমে থাকা ও শোষিত গ্যাস বের হয়ে এসে উত্পন্ন হয় এই বায়ু।
২০১৭ সালের ৩১ জানুয়ারি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক নিবন্ধে জানা গেছে, একই সৌরবায়ুর প্রভাবে পৃথিবীর কিছু অক্সিজেনও চলে যাচ্ছে চাঁদে এবং সম্ভবত সেটি ঘটছে পৃথিবীর বায়ুমণ্ডলের সৃষ্টির পর থেকেই। সেটা কয়েক শ কোটি বছর আগের কথা।






