লকডাউনের পরে রুপালি পর্দায় আসছেন বুবলী, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পরীমনি, নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন চিত্রনায়িকা

অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলতে পারে প্রেক্ষাগৃহ। টানা প্রায় ছয় মাস প্রেক্ষাগৃহ বন্ধের কারণে একসঙ্গে আসতে যাচ্ছে বেশ কিছু নতুন ছবি। সেসব ছবির মধ্য দিয়ে একসঙ্গে আবার রুপালি পর্দা মাতাতে আসছেন বেশ কজন চিত্রনায়িকা।

এরই মধ্যে সেন্সর সনদ পেয়েছে ক্যাসিনো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২, জিন, বিশ্ব সুন্দরী, পরাণ, বিদ্রোহী, মিশন এক্সট্রিম, বান্ধবসহ বেশ কয়েকটি ছবি। এসব ছবি দিয়ে লকডাউনের পরে রুপালি পর্দায় আসছেন বুবলী, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পরীমনি, নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন চিত্রনায়িকা।

মুক্তির অপেক্ষায় বুবলী অভিনীত দুটি ছবি—ক্যাসিনো ও বিদ্রোহী। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ক্যাসিনো মুক্তি পেতে পারে। আর বিদ্রোহী ছবির মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।