রকৃতির কাছে ফিরে যাওয়ার আকুতি নিয়ে সাব্বির নাসির গেয়েছেন ‘তুমি দমে দম’ শিরোনামে নতুন এক গান। তাঁর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ১ অক্টোবর প্রকাশের পর থেকেই নতুন সংগীতচিত্রটি থেকে বেশ সাড়া পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
লোকসুরের আধ্যাত্মিক ভাবের গান ‘তুমি দমে দম’–এর কথা ও সুর করেছেন ওমর ফারুক, যিনি বিশাল নামে পরিচিত আর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। বান্দরবানের প্রাকৃতিক পরিবেশে সংগীতচিত্রের দৃশ্য ধারণ করা হয়েছে, যেখানে মডেল হিসেবে দেখা গেছে শিল্পী সাব্বির নাসির, ইভান ও বন্নিকে। সংগীতচিত্র পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। সাব্বির নাসির বলেন, ‘গানটায় একটা আধ্যাত্মিক বার্তা আছে। এর আগে বিশালের লেখা “আমারে দিয়া দিলাম তোমারে” গেয়ে শ্রোতাদের প্রশংসা পেয়েছি। নতুন গানটিও আমার ভালো লেগেছে। গানটির জন্য নিরব খুব সুন্দর সংগীত করেছেন। গানের ভাব অনুসরণ করে আমি আত্মার জগতে প্রবেশের চেষ্টা করেছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’






