রংপুরের বদরগঞ্জে অগ্রণী ব্যাংক শাখা। এখানে টাকা জমা দিতে এসেছেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থানীয় এক পরিবেশক। ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে ৫০ হাজার টাকা রেখে চেকে স্বাক্ষর করছিলেন তিনি। হঠাৎ দেখেন টাকা নেই। তাৎক্ষণিক তিনি ব্যাংক ব্যবস্থাপককে বিষয়টি জানান। ব্যবস্থাপক সিসি ক্যামেরায় অজ্ঞাত চারজনকে ওই টাকা নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখেন।
চোখের পলকে ভোজবাজির মতো এ চুরির ঘটনাটি ঘটে আজ বুধবার দুপুরে। বেলা ১১টার কিছু পরে অগ্রণী ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৫০ হাজার টাকা চুরির ঘটনায় পুলিশ বিকেলের মধ্যেই তিন ব্যক্তিকে টাকাসহ গ্রেপ্তার করেছে।থানা-পুলিশ এবং ওই ব্যাংক সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থানীয় পরিবেশক। আজ বেলা ১১টার দিকে তিনি ৫০ হাজার টাকা জমা দিতে অগ্রণী ব্যাংক বদরগঞ্জ শাখায় যান। এ সময়ই ক্যাশ কাউন্টারের সামনে টাকা রেখে চেকে স্বাক্ষর করার পরে দেখেন টাকা নেই। পুরো ঘটনা চোখের পলকে মাত্র মিনিটখানেকের মধ্যে ঘটে যায়। তাৎক্ষণিক তিনি ব্যাংক ব্যবস্থাপককে জানাতে সিসি ক্যামেরা দেখে চারজনকে ওই টাকা নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায়।






