প্রবাসী আয় পাঠিয়ে কোনো প্রবাসী বন্ডে বিনিয়োগ করলে ২ শতাংশ নগদ প্রণোদনা পাওয়া যাবে না। তবে প্রবাসী আয় দিয়ে অন্য কোনো বিনিয়োগ করলে প্রণোদনার সুবিধা মিলবে। অর্থ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে।
সূত্র জানায়, অনেকে প্রবাসী আয় পাঠিয়ে সুবিধাভোগীর নামে উচ্চ সুদের বন্ড কিনছেন, আবার ২ শতাংশ প্রণোদনাও নিচ্ছেন। এখন কেন্দ্রীয় ব্যাংক বলছে, অন্য কোনো ব্যক্তির নামে কেনা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের পাশাপাশি নিজ নামে কেনা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগের বিপরীতে নগদ প্রণোদনা প্রযোজ্য নয়।






