চীনে হিমায়িত খাবারে করোনাভাইরাস

চীনে আমদানি করা হিমায়িত খাবারের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এমন কয়েকটি ঘটনার পর চীনের বেইজিং শহর কর্তৃপক্ষ করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে, এমন কিছু দেশ থেকে হিমায়িত খাবার আমদানি নিষিদ্ধ করেছে। সিএনএনের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বেইজিং মিউনিসিপ্যাল কমার্স ব্যুরো এক বিবৃতিতে বলেছে, শুল্ক ও স্থানীয় সরকার কর্তৃপক্ষগুলো বেশ কয়েকবারই আমদানি করা হিমায়িত খাবারের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছে। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাজেই যেসব দেশে ব্যাপক হারে করোনার সংক্রমণ রয়েছে, সেসব দেশ থেকে হিমায়িত খাবার আমদানি না করতে ব্যুরোর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।