বকেয়া মজুরি ও কারখানা খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান নিয়েছেন ঢাকা ইপিজেডে অবস্থিত বিদেশি মালিকানাধীন এ ওয়ান (বিডি) লিমিটেডের শ্রমিকেরা। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা–কর্মীরা।
এ ওয়ানের শ্রমিকেরা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার সকালে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, দপ্তর সম্পাদক মুসা কলিমুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।
তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে রাখা অমানবিক। দ্রুত সময়ের মধ্যে কারখানা খুলে দিয়ে সবার চাকরি ফিরিয়ে দেওয়া ও বকেয়া সব বেতন-ভাতা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। অন্যথায় ইপিজেড আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, অবিলম্বে শ্রমিকদের দাবি পরিশোধের উদ্যোগ না নেওয়া হলে পরিণতি হবে ভয়াবহ।






