ঢালিউডে চলছে নায়ক-নায়িকার সংকট

২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর অভিষেক হওয়ার কথা আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। ফয়সাল আহমেদ পরিচালিত এই ছবির সিকুয়েল ‘মিশন একট্রিম টু’ ছবির শুটিংও শেষ। রোজার ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু করোনা সে স্বপ্ন পূরণে বাধা হয়ে এল। কারণ, এখনো বন্ধ সিনেমা হল। কবে খুলবে, তা-ও নিশ্চিত নয়। আর ছবি মুক্তি পেতেও অপেক্ষা করতে হতে পারে আগামী বছরের।

প্রথম সিনেমা মুক্তিতে বিলম্ব হওয়ার তালিকায় আছেন আরও দুই নায়িকা ও দুই নায়ক। মন খারাপ ঐশীর। তবে ইতিবাচক হিসেবেই নিয়েছেন এই পরিস্থিতি। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা যা করেন, নিশ্চয় ভালোর জন্য করেন। আমার মনে হয় সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে।’ আরও দুটি ছবির কাজ শেষ করে রেখেছেন ঐশী। ছবি দুটি হচ্ছে ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’।

এইচবিও এশিয়ার অরিজিনাল সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’-এ অভিনয়ের মধ্য দিয়ে নজর কাড়েন সুদীপ বিশ্বাস। বড় পর্দায় নায়ক হিসেবে তাঁর প্রথম সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’। হৃদি হক পরিচালিত অনুদানের এই ছবির শুটিং সপ্তাহখানেক হতেই করোনা মহামারির প্রকোপে বন্ধ হয়ে যায়। সাড়ে পাঁচ মাস ধরে ঘরবন্দী সুদীপ। এই ছবির শুটিং ফের শুরু হয়ে কবে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়। সুদীপ বলেন, ‘আর বলতে চাই না। আমার সব প্রকল্প আটকে গেছে। দেশের বাইরের একাধিক সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। করোনা না থাকলে চুক্তিপত্রে স্বাক্ষরের আয়োজন সম্পন্ন হয়ে যেত।’ ‘মিশন এক্সট্রিম’ ছবিতেও অভিনয় করেছেন সুদীপ। করোনায় ঘরে বসে নতুন সিনেমার জন্য প্রস্তুতিও নিচ্ছেন বলে জানালেন।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিটি এ কে আজাদ ও নিশাত সালওয়ার প্রথম ছবি। হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন এ কে আজাদ আর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ নিশাত সালওয়া। নবাগত এই নায়ক-নায়িকাকে দিয়ে এই সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান। ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝের সময়টায় ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। আজাদ এর আগে দুটি ছবিতে ছোট চরিত্রে কাজ করেছেন। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে প্রথম নায়ক হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল। আজাদ বলেন, ‘অনেক দিন ধরে মনের মতো গল্পের একটি মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে চেয়েছিলাম। এই সিনেমা তেমনই একটা গল্পের। শুটিংও হয়েছে বেশ ভালোভাবে। কিন্তু নিজেকে বড় পর্দায় নায়ক হিসেবে দেখার সুযোগ না পাওয়ার আফসোস রয়ে গেল।’

সালওয়ার অভিষেকও আটকে গেল। তবে এরই মধ্যে সালওয়া অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী পরিচালিত অনুদানের সিনেমা ‘এই তুমি সেই তুমি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তিন দিন শুটিং হওয়ার পর করোনার কারণে বন্ধ হয়ে যায়। যদিও সালওয়া এখনো শুটিংয়ে অংশগ্রহণ করেননি। নতুন করে আগামী সেপ্টেম্বরে ছবিটির কাজ শুরু হবে।
প্রথম সিনেমার নায়ক শাকিব খান। জাহারা মিতুর উচ্ছ্বাস ছিল অন্য মাত্রার। গত বছরের ১৬ ডিসেম্বর ‘আগুন’ মুক্তির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল মিতুর। ‘আগুন’ নামের সেই ছবির শুটিং প্রায় শেষ হয়ে কিছু অংশের জন্য আটকে যায়। মিইয়ে যায় মিতুর উচ্ছ্বাসও। তিনি বলেন, ‘মন খারাপ করছি না। সৃষ্টিকর্তা যা ভাগ্যে রাখে, তার বাইরে কিছু হয় না। কিন্তু এখন কাজে ফিরতে পারছি না, অলস সময় কাটছে, এতে একটু বিরক্ত লাগছে।’

অবশ্য করোনার প্রকোপের আগে টানা ২৫ দিন শুটিং করেছেন কলকাতার নায়ক দেবের বিপরীতে। ‘কমান্ডো’ নামের সেই ছবিও আটকে আছে করোনার কারণে। ঢালিউডে চলছে নায়ক-নায়িকার সংকট। তাঁদের মধ্যে কেউ হয়তো আগামীর শাকিব খান, ফেরদৌস, রিয়াজ, শাবনূর, মৌসুমী, পপি ও পূর্ণিমার মতো তারকা হয়ে উঠবেন—এমনই আশা পরিচালক-প্রযোজকদের। কেউ এটাও মনে করেছেন, ঢালিউডে নায়ক-নায়িকার এই খরায় তাঁরাই হয়তো আশার আলো হয়ে উঠবেন।