করোনাভাইরাস সংক্রমণের এই সময়ের জীবনযাপনকে নতুন স্বাভাবিক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে আমাদের। এর মধ্যেই খুলে গেছে অনেক অফিস–আদালত। কর্মক্ষেত্রে যেতে হচ্ছে অনেককে। কাজ চলছে স্বাস্থ্যবিধি মেনে। পাশাপাশি অফিসের পোশাক নিয়েও থাকতে হচ্ছে সচেতন।
বাইরে বের হলেই মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার হয়ে উঠেছে নিত্যসঙ্গী। পাশাপাশি সংক্রমণ এড়াতে অফিস থেকে বাড়ি ফিরেই ধুতে হচ্ছে প্রতিদিনের পোশাক। এ সময় পোশাকের জন্য এমন কাপড় বেছে নিতে হবে, যা সহজেই ধোয়া যায়। আলাদা করে ইস্ত্রির ঝামেলা থাকবে না, সহজেই শুকিয়ে যাবে এমন কাপড় হিসেবে ভিসকস, জর্জেট বা ব্লেন্ডেড জর্জেট (অপেক্ষাকৃত নরম) কাপড়ের পোশাক এ সময়ের জন্য উপযোগী। এমন ভাবনা থেকে ফ্যাশন হাউসগুলোতে থাকছে এ ধরনের পোশাকের সংগ্রহ।






