শিবালয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার উলাইল ইউনিয়নের নীলগ্রাম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত দুইজন হলো নীলগ্রাম গ্রামের মৃত আখের আলীর ছেলে স্বাধীন (৫) ও বাহের আলীর ছেলে রাতুল (৬)। আখের ও বাহের আপন দুই ভাই।

স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, শিশুদের বাড়ির পাশে নিচু স্থানে বন্যার পানিতে কলাগাছের তৈরি ভেলা রাখা ছিল। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শিশু স্বাধীন ভেলায় ওঠার সময় পানিতে পড়ে যায়। এ সময় পানি থেকে স্বাধীনকে রক্ষা করতে গিয়ে চাচাতো ভাই রাতুলও পানিতে পড়ে যায়। পরে পানিতে শিশুদের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন ও স্বজনেরা।

স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ভেলায় থেকে পড়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে স্বজনেরা শোকাহত এবং গ্রামবাসী মর্মাহত। রাত ১১টার দিকে শিশু দুটির লাশ দাফন করা হয়।