‘মিশন ইম্পসিবল সেভেন’-এর সেটে আগুন

ধুন্ধুমার অ্যাকশন আর স্টান্টের জন্য জনপ্রিয় ‘মিশন ইম্পসিবল’। এবার এই ছবির সপ্তম কিস্তির শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনা ঘটল। এতে ফের আটকে গেল ‘মিশন ইম্পসিবল’ ছবির শুটিং। এমনিতেই করোনায় থেমে ছিল এই ছবির কাজ। এবার শুটিং সেটে আগুন লেগে ক্ষতি হয়ে গেল কোটি টাকার। থমকে দাঁড়াল শুটিংয়ের কাজও।

গত মঙ্গলবার অক্সফোর্ডশায়ারে একটি মোটরসাইকেল স্টান্ট করার সময় শুটিং সেটে আগুন লেগে যায়। বেশ ভারী সেট ছিল সেখানে। স্টান্টও ছিল ঝুঁকিপূর্ণ। স্টান্ট করতে গিয়ে শেষের দিকে এসে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এই দুর্ঘটনা বেশ প্রভাব ফেলেছে প্রযোজনাটির ওপর। কারণ, একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে আবার পিছিয়ে গেল ছবির শুটিং। এই সেট সাজাতে ২২ কোটি টাকার ওপরে খরচ হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ খবর নিশ্চিত করেছে।