মারা গেছেন কণ্ঠশিল্পী ন্যান্সির বাবা নাঈমুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বাদ জোহর লেকসিটি কনকর্ড জামে মসজিদে জানাজার পর তাঁর মরদেহ নিয়ে নেত্রকোনা রওনা দিয়েছে তাঁর পরিবার। সেখানে ন্যান্সির মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করতে চায় পরিবার।
স্বামী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহে থাকেন ন্যান্সি। আর তাঁর বাবা থাকতেন রাজধানীর খিলক্ষেতে। সকালে বাবার মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে স্বামী ও ছোট ভাইকে নিয়ে ঢাকায় ছুটে আসেন ন্যান্সি। ফেরার পথে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাবার তেমন শারীরিক সমস্যা ছিল না। দাঁতে সমস্যা ছিল, আর রক্তচাপও ছিল। এত তাড়াতাড়ি বাবা আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতেও পারিনি! সবাই বাবার জন্য দোয়া করবেন।’






