ট্রফি পুনরুদ্ধারে ইংল্যান্ডের অপেক্ষা বাড়ল

চতুর্থ দিনের খেলা শুরুর নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে জফরা আর্চার টুইট করলেন। ইংলিশ পেসার লিখলেন, ‘এইবার আবহাওয়া অ্যাপ ঠিক বলেছে।’

হ্যাঁ, যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক প্রমাণিত করেই আজ ওল্ড ট্রাফোর্ডে প্রায় সারাদিনই বৃষ্টি ঝরল। মাঝেমধ্যে থামলেও খেলা শুরুর মতো পরিস্থিতি হয়নি একবারও। অনেক অপেক্ষার পর চা বিরতির কিছু পরে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

যার অর্থ, তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে উইজডেন ট্রফি পুনরুদ্ধারে ইংল্যান্ডের অপেক্ষা বাড়ল। অপেক্ষা বাড়ল স্টুয়ার্ট ব্রডেরও। টেস্টে সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র ১ উইকেটের দূরত্বে দাঁড়িয়ে এই ইংলিশ পেসার।

গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৯ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। রান তাড়ায় নেমে কাল বিকেলে ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেটই নিয়েছেন ব্রড। তাতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা হয়ে গেছে ৪৯৯।

আগামীকালও বৃষ্টির পূর্বাভাস আছে। তবে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানাচ্ছে দিনের বেশিরভাগ সময়ই বৃষ্টিমুক্ত থাকবে। আবহাওয়া পূর্বাভাস আবার সঠিক হোক, ইংলিশদের চাওয়া এটিই। ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার মতো পর্যাপ্ত সময় যে দরকার দলটির।