সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী পবিত্র ঈদুল আযহা পালিত হবে ৩১ জুলাই শুক্রবার।
আজ মধ্যপ্রাচ্যে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ৩০ জিলকদ। অর্থ্যাৎ বুধবার থেকে থেকে জিলহজ মাস শুরু হবে মধ্যপ্রাচ্যে।
সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যেসহ ব্রিটেন ও ইউরোপের দেশগুলিতে।
এদিকে ব্রিটেনে কভিড ১৯জনিত কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তা এখনো পরিস্কার নয়। গত রমজানের ঈদে মসজিদে কিংবা খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।
হিজরি সন অনুযায়ী ঈদুল আযহা জ্বিলহজ্বের ১০ তারিখে উদযাপিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। ধর্মপ্রাণ মুসলমানেরা এই দিনটিতেই মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে পশু কুরবানী করে থাকেন।
হজরত ইব্রাহিম (আ.) এর সুন্নত হিসেবে এই কুরবানী দিয়ে থাকেন মুসলমানরা। আল্লাহ তায়ালার নির্দেশে ইব্রাহিম (আ.) তার শিশু পুত্র ইসমাঈল (আ.) কে কুরবানী করতে চেয়েছিলেন। তবে আল্লাহ তায়ালা খুশি হয়ে ইসমাঈলের পরিবর্তে একটি দুম্বা কুরবানী হিসেবে কবুল করেন। সেই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মুসলমানদের জন্যও কুরবানীকে একটি ইবাদত হিসেবে গণ্য করা হয়।
এছাড়াও এই জিলহজ্ব মাসেই সামর্থ্যবান মুসলমানরা ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ পালন করে থাকেন। আরাফাতের ময়দানে অবস্থান, পবিত্র কাবা ঘর তওয়াফসহ বেশ কয়েকটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এই হজ পালন করে থাকেন মুসলমানরা।






