রোজিনার দরকার কোটি টাকার বেশি

দোলনা ছবির মিষ্টি নায়িকা রোজিনাকে মনে পড়ে? সাবিনা ইয়াসমীন ও সদ্যপ্রয়াত এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘তুমি আমার কত চেনা’ গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন তিনি ও নায়ক আলমগীর। সাড়ে ১১ বছর যুক্তরাজ্যে প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। চলচ্চিত্রে আবার দেখা যাবে তাঁকে। এবার কেবল ক্যামেরার সামনে নয়, পেছনেও কাজ করবেন তিনি। একই সঙ্গে করবেন অভিনয় ও পরিচালনা।

রোজিনার নায়ক হিসেবে দেখা গিয়েছিল আলমগীর, ইলিয়াস কাঞ্চন, ফারুক, এমনকি ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিমকেও। বিদেশ থেকে ফিরে মতিন রহমান পরিচালিত রাক্ষুসী ছবিতে অভিনয় করেছিলেন ফেরদৌসের সঙ্গে। নিজে পরিচালনা করবেন ‘ফিরে দেখা’ নামে একটি ঐতিহাসিক গল্পের সিনেমা। সেখানে কে হবেন তাঁর নায়ক?

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন রোজিনা। গল্পটি তাঁর নিজের। গত শুক্রবার তিনি প্রথম আলোকে জানান, মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি যাচ্ছে। ১৯৭১ সালে তাঁর নানাবাড়ি গোয়ালন্দে একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি। রোজিনা বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবির কাজ গোয়ালন্দে করতে হবে। দৃশ্যায়নে তখনকার আবহ ফুটিয়ে তুলতে হবে। যদিও সেসব জায়গায় এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। তারপরও কিছু জায়গা এখনো তখনকার সময়ের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে।’

পুরোনো দিনের আবহ সৃষ্টি চ্যালেঞ্জিং। এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘ঐতিহাসিক ছবি তৈরির ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, তা নাহলে সমালোচনার মুখে পড়তে হয়। আমার এই ছবি যেহেতু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি পরিবারকে কেন্দ্র করে, তাই লোকেশন ও প্রপস নিয়ে ভাবতে হচ্ছে। অনেক আয়োজনের ব্যাপার।’