ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে এত মৃত্যু কেন?

করোনা ও করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের প্রায় ২১ শতাংশকে বাঁচানো যায়নি। তাদের বড় অংশ হাসপাতালে ভর্তির এক দিনের মাথায় মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ খতিয়ে দেখা গেছে, যাঁরা মারা গেছেন, তাঁরা অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে এসেছেন। অনেকে চিকিৎসা শুরুর আগেই মারা গেছেন। কেউ এসেছেন মৃত। হাসপাতালে ভর্তির ১২ ঘণ্টার মধ্যে ৫০ শতাংশ এবং এক দিনের মাথায় ৯০ শতাংশের মৃত্যু হয়েছে।

কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতিটি মৃত্যু খতিয়ে দেখে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে ঢাকা মেডিকেল কলেজ। এখন দ্বিতীয় আরেকটি পর্যালোচনার কাজ চলছে।

Lifebuoy Soap

কর্তৃপক্ষ কোভিড-১৯-এ মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করছে, যাঁদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত প্রমাণ আছে, তাঁদের। উপসর্গ নিয়ে যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের সবার পরীক্ষা বেঁচে থাকতে বা মৃত্যুর পর হয়নি। কর্তৃপক্ষের হিসাবে, ২ মে করোনা ইউনিট চালুর পর চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৩১৬ জন। গতকাল সোমবার বেলা তিনটা পর্যন্ত মারা গেছেন ১৮৫ জন। মৃতের হার ৬ শতাংশের কিছু ওপরে।

তারপরও আনুষ্ঠানিক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুহার সাড়ে ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন পরিচালক। অন্যদিকে হাসপাতালের মর্গ অফিসের নিবন্ধন খাতা গত ২ মে থেকে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬৯৬।

এত মৃত্যু কেন

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দল মৃত্যু পর্যালোচনার কাজটি করেছেন। সোমবার প্রথম আলোকে তিনি এত মৃত্যুর পেছনে মোটাদাগে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন।

বেশির ভাগ রোগী অত্যন্ত সংকটজনক অবস্থায় এবং অনেকটা দেরি করে হাসপাতালে এসেছিলেন। রোগীদের বড় অংশেরই ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ বা জটিল দীর্ঘমেয়াদি রোগ ছিল। অনেক ক্ষেত্রে আক্রান্তদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া জরুরি হলেও, শয্যা-সংকটের কারণে নেওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের ৬০০টি শয্যায় এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ২২০টি শয্যায় করোনাভাইরাসে আক্রান্ত বা করোনা উপসর্গ আছে, এমন রোগীদের ভর্তি করা হচ্ছে। তবে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন বলেছেন, তাঁরা এই মুহূর্তে আইসিইউ এবং এইচডিইউতে একসঙ্গে ৪২ জন সংকটাপন্ন রোগীর সেবা দিতে পারেন। সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।

এদিকে একেবারে শেষ মুহূর্তে কেন আসছেন রোগীরা, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা ও ঢাকার বাইরে দূরের জেলাগুলো থেকে রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাঁদের অনেককেই একাধিক হাসপাতাল ঘুরতে হয়েছে। কারণ, কোভিড-১৯-এর উপসর্গ আছে, কিন্তু নিশ্চিত নন, এমন রোগীদের অনেক হাসপাতাল রাখছিল না। অনেক হাসপাতালের আবার সংকটাপন্ন রোগীকে চিকিৎসা দেওয়ারই ব্যবস্থা নেই। আবার ‘হ্যাপি হাইপোক্সিয়া’ ছিল কারও কারও। রোগীর অক্সিজেন স্তর নিচে নেমে গেলেও এ ধরনের পরিস্থিতিতে রোগীর শ্বাসকষ্ট হয় না এবং হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রোগী মারা যান।

মৃত ব্যক্তির স্বজনেরা কী বলছেন

স্বজন মারা গেছেন এমন তিনটি পরিবারের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁদের দুজনই অন্য হাসপাতালের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ আসেন। অন্যদিকে তৃতীয় ব্যক্তি প্রথম চিকিৎসা নিয়েছিলেন গ্রামের এক চিকিৎকের কাছে। পরিস্থিতির অবনতি হলে তাঁকে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়।

পরিবার বলছে, মিরপুরের বাসিন্দা মো. হাসানুজ্জামান বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ২০ জুন। কোভিড রোগীদের জন্য সংরক্ষিত ঢাকা মেডিকেল কলেজ-২-এ এক দিনের মাথায় তিনি মারা যান।

হাসানুজ্জামানের ভাই মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ভাইয়ের করোনা হয়েছিল কি না, তা-ই তো জানতে পারলাম না। বলল, আইসিইউতে নিতে হবে। সিট ফাঁকা নেই, রাতটা অপেক্ষা করতে। ভাই সকালেই মারা গেল।’

প্রচণ্ড ডায়রিয়ায় নিস্তেজ দলিল উদ্দিনকে তাঁর ছেলে মামুনুর রশিদ প্রথমে বাড়ির কাছে বরিশালের শের-এ-বাংলা মেডিকেল কলেজে নিয়ে যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আব্বা মাথা ঘুরে পড়ে যাওয়ায় আমরা ঢাকার আগারগাঁওয়ের একটা হাসপাতালে নিই। সেখান থেকে ঢাকা মেডিকেল।’ দলিল ২০ জুন হাসপাতালে ভর্তি হন, সোমবার মারা যান।

রুবেল হোসেন (২৭) কুমিল্লা থেকে ২১ জুন ঢাকায় আসেন। মারা যান ২২ জুন রাত আড়াইটার দিকে। রুবেলের ভাই মোমিন হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ভাইয়ের জ্বর ও কাশি ছিল। গ্রামের চিকিৎসক টাইফয়েডের ইনজেকশন দেন। উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এক দিন পর তাঁর ভাই মারা যান।

শনি থেকে সোমবার, এই তিন দিনের ৩৪টি মৃত্যু পর্যালোচনা করে দেখা যায়, ১৮ জনই এসেছেন ঢাকার বাইরে থেকে। এই তালিকায় যেমন ঢাকার কাছেই সাভার বা ধামরাই, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা আছে, তেমনি আছে বরিশাল, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ফেনী, বগুড়াও।

চিকিৎসকেরা বলছেন, সংকটজনক অবস্থায় পড়ার আগেই যদি সুচিকিৎসার ব্যবস্থা করা যেত, হয়তো রোগীদের মরতে হতো না। ঢাকার বাইরে সব হাসপাতালে শ্বাসকষ্টে ভোগা রোগীদের সামাল দেওয়ার মতো কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। এতে তাঁদের দূরদূরান্ত থেকে ঢাকায় আসতে হচ্ছে।

সোমবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে এক তরুণ তাঁর বাবার জন্য অক্সিজেন খুঁজছিলেন। কক্সবাজার থেকে বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছেন। একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছিলেন। কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু বাবার অক্সিজেন ছাড়া ওয়াশরুমে যাওয়ারও অবস্থা নেই বলে জানান।

কথা হয় বরিশাল থেকে ৯ বছরের মেয়েকে সঙ্গে করে আসা তরিকুল ইসলাম ও ১৫ বছরের ব্রেন টিউমার ও কোভিডে ভোগা সাভারের দেলোয়ার হোসেনের সঙ্গেও। তাঁদের প্রত্যেককেই উপযুক্ত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তারা ভালোই আছে এখন।

হাসপাতালের উদ্যোগ

এ কে এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথম দিকে তাঁদের গুছিয়ে উঠতে কিছু সমস্যা ছিল। এখন সংকট কমেছে আগের চেয়ে।

চিকিৎসকেরা বলেন, তাঁরা রোগীদের ভেন্টিলেশনে দেওয়ার পক্ষপাতী নন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন রয়েছে। তা ছাড়া যাঁদের বেশি প্রয়োজন, তাঁদের জন্য কয়েকটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার ব্যবস্থা করা হয়েছে, কয়েকটি ভেন্টিলেটর আছে। সেগুলোয় ক্যানোলা যুক্ত করে অক্সিজেন দেওয়া হচ্ছে এখন। সিপ্যাপ মেশিনেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা এখনো কম। রোগীদের জন্য আরও অক্সিজেনের ব্যবস্থা দরকার।