দুই মাসে সর্বনিম্ন মৃত্যু, ঘুরে দাঁড়াচ্ছে ইউরোপ

চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণের উপকেন্দ্র হয়ে উঠেছিল ইউরোপ। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের অবস্থা দাঁড়িয়েছিল সবচেয়ে ভয়ানক। তবে পরিস্থিতি বেশ উন্নতির দিকে। বেশি আক্রান্ত দেশগুলোর প্রায় প্রতিটিতে গত রোববার যে মৃত্যু হয়েছে, তা প্রায় দুই মাসে সর্বনিম্ন। একই অবস্থা নতুন রোগী শনাক্তের ক্ষেত্রেও।

এই পরিপ্রেক্ষিতে ইউরোপের বেশির ভাগ দেশ ব্যবসা–বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলতে শুরু করেছে। ধীরে ধীরে হলেও সতর্কতার সঙ্গে স্বাভাবিক অবস্থার দিকে এগাচ্ছে। সব মিলিয়ে ইউরোপের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে।

করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। এই ওয়েবসাইটের তথ্যমতে, গতকাল বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৪৮ লাখ ৪৮ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছেন প্রায় ৩ লাখ ১৮ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮০ হাজারের বেশি রোগী।