মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে আজ শুক্রবার। বাদ নেই ফিলিস্তিনও। এই ঈদ ফিলিস্তিন তথা গাজাবাসীর কাছে কতটা আনন্দের বার্তা নিয়ে এসেছে? প্রশ্নটি সংগত। কারণ গত কিছুদিনে গাজা সীমান্তে অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে অন্তত ১২৫ জন। তাই দীর্ঘ এক মাস সংযম পালনের পর আসা ঈদ ফিলিস্তিনিদের কাছে যতটা এসেছে আনন্দের উপলক্ষ হয়ে, তার চেয়েও বেশি করে এসেছে প্রিয়জনহীন উৎসবের মর্মবেদনা নিয়ে।
বছরের পর বছর ধরে অবরোধের মধ্যে থাকা গাজাবাসী আর্থিক সংকট ও ইসরায়েলি গুলিকে সত্য মেনেই ঈদ উদ্যাপন করে আসছে। এ নতুন কিছু নয়। নতুন যা, তা হলো ঈদের আগ মুহূর্তে মাত্র অল্প কয়েক দিনে শতাধিক মানুষের মৃত্যু।






