খেলোয়াড়দের দক্ষতায় যেন মরচে না পরে তাই ফেডারেশনকে বিকল্প প্রস্তাব দিয়েছেন জেমি

২০১৬ সালে আলোচনায় এসেছিল বাংলাদেশ সুপার লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘটা করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের লোগোও উন্মোচন হয়েছিল। ২০১৭ সাল থেকে শুরু হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট। কিন্তু সেটি কথা ছিল পর্যন্তই থেকে গেছে।

এবার শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সুপার লিগে আয়োজনের পরিকল্পনা দিয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।  লিগের কাঠামো ও সূচি ইংল্যান্ড থেকে সবিস্তারে বাফুফের কাছে জমা দিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পুনরায় খেলা শুরু হবে কবে, তা কেউ জানে না। স্থগিত লিগ পুনরায় শুরু হওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। বসে থেকে থেকে খেলোয়াড়দের দক্ষতায় যেন মরচে না পরে তাই ফেডারেশনকে বিকল্প প্রস্তাব দিয়েছেন জেমি। তিন মাসের এই সুপার লিগ শুরুর সূচি ধরা হয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। প্রথমে ১৩ টি দলের ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ লিগ ভিত্তিক ম্যাচ। টেবিলের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল এরপর ফাইনাল।

জেমি বলেন , ‘দিন কয়েক আগে আমি বাফুফেকে বাংলাদেশ সুপার লিগের প্রস্তাব দিয়েছি। শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ১৩ টি ক্লাব হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক খেলবে। শীর্ষ চার দল নিয়ে টুর্নামেন্টের মতো সেমিফাইনাল ও ফাইনাল। লিগ যদি না হয়, অন্তত টুর্নামেন্ট হলে খেলার মধ্যে থাকতে পারবে ফুটবলাররা।’

বাফুফে প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে বলে জানান জেমি ,’বাফুফে বলেছে প্রস্তাবটি ভালো। তবে লিগ শেষ করার দিকেই তাদের নজর। তবুও তারা ভেবে দেখবে। ক্লাবগুলো আমার প্রস্তাব গ্রহণ করবে কিনা, জানি না।’