করোনায় নিষেধাজ্ঞা, তবুও সুন্দরবনে শুটিং করছেন পরীমনিরা

২৫টি শিশুশিল্পী এবং চলচ্চিত্র তারকা সিয়াম, তানভীর ও পরীমনিকে নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং। সরকারি অনুদানের এই ছবিটির পরিচালক আবু রায়হান। সুন্দরবন এলাকায় ১১ দিন ধরে এই ছবির শুটিং চলছে বলে জানা গেছে। শুটিংসংশ্লিষ্ট সবারই ফোন বন্ধ। কেউ যাতে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তাই ফোন বন্ধ করে রেখেছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে ছবিসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রযোজক ও পরিচালকের পরিকল্পনা মতো শুটিং করে যাচ্ছেন তাঁরা। কাল তাঁদের শুটিং শেষ হওয়ার কথা। ২৬ মার্চ অভিনয়শিল্পীদের কারও ঢাকায় ফেরার কথা রয়েছে।

জানা গেছে, শুটিংয়ের জন্য ১৩ মার্চ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সুন্দরবন অঞ্চলে পৌঁছান। এই দলে শিশুশিল্পীরা যেমন আছেন তেমনি নায়ক-নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীরাও আছেন। কলাকুশলীরা তো আছেনই। ধারণা করা হচ্ছে, ৫০ জনের বড় একটি ইউনিট নিয়ে সুন্দরবনে চলছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং।