করোনাভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ রোগ ঠেকাতে ফ্রান্সে এক হাজারের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেছেন, ফ্রান্সের চারজন আইনপ্রণেতার দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
স্থানীয় সময় গতকাল রোববার অলিভার ভেরান এই পদক্ষেপ নেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় জীবনে দরকারি—এমন কর্মসূচির তালিকা কর্মকর্তারা দেবেন। এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। উদাহরণ হিসেবে তিনি বিক্ষোভের কথা বলেন।ইউরোপে ইতালির পর ফ্রান্সে করোনোভাইরাস বেশি ছড়িয়েছে। দেশটিতে ১ হাজার ১০০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের উত্তরে করোনাভাইরাস বেশি ছড়িয়েছে। সেখানে একধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।






