করোনাভাইরাসের সংক্রমণে বিরাট ক্ষতির ঝুঁকিতে বিশ্ব

চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অনেক দেশ ইতিমধ্যে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান তাদের কারখানা বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা দিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তারা বলেছে, এই ভাইরাসের সংক্রমণের কারণে বিরাট ক্ষতির ঝুঁকিতে রয়েছে বিশ্ব। চলতি বছর বৈশ্বিক উন্নয়ন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

এডিবি বলেছে, বৈশ্বিক জিডিপি এ বছর শূন্য দশমিক ১ থেকে দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমতে পারে। এ ছাড়া আর্থিক ক্ষতি হতে পারে ৩৪ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত। এডিবির মুখ্য অর্থনীতিবিদ ইয়েসুউকি সাওয়াদা বলেন, করোনাভাইরাস নিয়ে এখনো অনেক ধরনের অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যে বৈশ্বিক অর্থনীতিও রয়েছে।