বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

রাজধানীর বনানী এলাকায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বনানীর সেতু ভবনের সামনে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ছাত্রের নাম ফয়সাল আহমেদ (২৮)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ছাত্র ছিলেন। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের আবুল হোসেনের ছেলে তিনি। ফয়সাল ঢাকার মিরপুরের ১৫১ দক্ষিণ পীরেরবাগে থাকতেন।

বনানী থানা-পুলিশ জানায়, রাত পৌনে আটটার দিকে বনানীর সেতু ভবনের কাছে ট্রাফিক বক্সের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ফয়সাল আহমেদ। এ সময় এনা পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। আশপাশের লোকজন ফয়সালকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ড্রাইভিং লাইসেন্স ও বন্ধুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে পরিচয় পাওয়া যায়।