ছোট পর্দার নির্মাতাদের হাতে বড় পর্দার ভবিষ্যৎ

ছোট পর্দার নির্মাতার সিনেমা মুক্তি পেয়েছে। অবজ্ঞাভরে সেটিকে ‘নাটক’ বলতেন এফডিসিকেন্দ্রিক বড় পর্দার কোনো কোনো নির্মাতা। সিনেমা বানাতে হলে বছরের পর বছর কাজ করতে হবে বড় পর্দার নির্মাতাদের সহকারী হিসেবে। এই চিত্র বদলে গেছে এখন। বড় পর্দার ভবিষ্যৎ এখন নির্ভর করছে ছোট পর্দার নির্মাতাদের হাতে।

বেশি দিন আগের কথা নয়। বছর দুই আগেও এফডিসিতে অবজ্ঞার উক্তিগুলো শোনা যেত। কিন্তু সেই ছোট পর্দার নির্মাতারাই এখন বড় পর্দার হাল ধরেছেন। পিছিয়ে পড়েছেন এফডিসিকেন্দ্রিক নির্মাতারা। কয়েক বছর ধরে ঢাকায় মুক্তি পাওয়া বেশির ভাগ ছবিই ছোট পর্দার নির্মাতাদের বানানো। সেই তালিকায় আছে গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল, মোস্তফা সরয়ার ফারুরীর ডুব, অরুণ চৌধুরীর মায়াবতী, দীপংকর দীপনের ঢাকা অ্যাটাক, শামীম আহমেদের বসগিরি, রায়হান রাফির পোড়ামন টু এবং দহন, অনম বিশ্বাসের দেবী, তৌকীর আহমেদের ফাগুন হাওয়ায়, গোলাম সোহরাব দোদুলের সাপলুডু, মুহাম্মদ মোস্তফা কামালের সম্রাট ও যদি একদিন, তানিম রহমানের ন ডরাই, সাইফ চন্দনের আব্বাস, নিয়ামুল মুক্তার কাঠবিড়ালী ইত্যাদি।