দেশ রক্ষায় গণতন্ত্রপ্রিয় সকল দলকে এক হবার উদাত্ত্ব আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ যে সংকটে আছে তা থেকে মানুষকে রক্ষা করতে, পরিত্রাণ দিতে, আসুন ভেদাভেদ ভুলে এক হই। তারেক রহমান দেশের সব নাগরিককে নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা চান আইনের শাসন, গণতন্ত্রের মুক্তি সেসব দলের সব নেতা-কর্মীকে বলবো আসুন আবার আমরা এক হই। এ অপশাসন থেকে জাতিকে মুক্তি দেই।
রবিবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহবান জানান।
পূর্ব লন্ডনের হাইস্ট্রীট নর্থ এর দি রয়্যাল রেজেন্সী হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারে যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
দেশের অবস্থা কি, কোন পর্যায়ে দাঁড়িয়েছে তা দেশের মানুষ ভালো করেই অনুধাবন করতে পেরেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, শেখ হাসিনা প্রায় সময়ই কথায় কথায় একটা কথা বলেন- তিনি দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। চালের কেজি যেখানে ১৫ টাকা ছিলো সেটার এখন কোথায় দাঁড়িয়েছে? আর ভোটের অবস্থা খুলনার সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকালেই বুঝা যায়। ভোট কারচুপি আর অনিয়মের কথা শুধু দেশবাসি দেখেছে তা না বিদেশি রাষ্ট্র আর দাতারাও এর সমালোচনা করেছে। শেখ হাসিনা তা হলে কি ভোট আর ভাতের ব্যবস্থা করেছেন?
তিনি বলেন, এ অবৈধ সরকারের এক অবৈধ অর্থমন্ত্রী ক’দিন আগে বলেছেনে- দশ বছরে কোন কিছুর দাম বাড়েনি। দাম বেড়েছি কি বাড়েনি এ কথার মূল্যায়নের দায়ভার আমি দেশের জনগণের উপর ছেড়ে দিলাম। তাদের এই তথাকথিত উন্নয়নের স্লোগান জনগণের কাছে পরিষ্কার। বৃষ্টি হলেই ঢাকায় মিডিয়ার মাধ্যমে যে দুর্ভোগ আর জনভোগান্তির ছবি দেখি তাতে বুঝা যায় উন্নয়ন কতটা হয়েছে!
দেশের শিক্ষা ব্যবস্থার বিপর্যয়ের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা আর শিক্ষার্থীরা দুটোই এক করুণ অবস্থার মধ্যে পড়েছে।
দেশ রক্ষায় বৃহত্তর ঐক্য প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশ কি অবস্থার মধ্য দিয়ে চলছে মানুষ তা বুঝতে পারছে। আর সে চিত্র আমার বক্তব্যের পূর্বে আপনাদের সামনে সবিস্তারে তোলে ধরেছেন বিএনপি মহাসচিব। আমি তার সঙ্গে সুর মিলিয়ে একটি কথা যোগ করতে চাই। আর তা হলে দেশকে এ অপশাসন থেকে মুক্তি দিতে প্রয়োজন বৃহত্তর ঐক্য। দেশের মানুষ এবং ভবিষ্যত প্রজন্মকে এ অবস্থা থেকে বের করতে হলে ঐক্য প্রয়োজন।






