বিএনপি এই মুহূর্তে তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিন এজেন্ডার মধ্যে খালেদা জিয়ার মুক্তি, জনমত সৃষ্টি করে জোটের পরিসর আরো বাড়িয়ে ঐক্য সৃষ্টি করা এবং সর্বশেষ সবাইকে নিয়ে আন্দোলন এমন পর্যায়ে নেয়া যাতে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য হয়। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের সংগঠন রুনেসা এই ইফতারের আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ইফতার অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতারা বক্তৃতা করেন। সাবেক ছাত্রনেতাদের অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।






