রাস্তার বেহাল অবস্থা নিয়ে এখন আর জনসাধারণের মন্তব্য পাওয়া যায় না। নিরবে দুর্ভোগ সহ্য করাটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছেন অনেকে। এই অবস্থায় সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ জাড়লেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এই অবস্থার জন্য অসাধু প্রকৌশলী ও ঠিকাদারদের দায়ি করে বলেছেন, সরকারের হাতে বেশি সময় নেই। এক পশলা বৃষ্টি হলে রাস্তা নাই হয়ে যায়। তিনি বলেন, ‘দেশের মানুষের সাথে এই প্রতারণা আমরা কেন করছি?’
রোববার দুপুরে রাজধানী ঢাকার এলেনবাড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কে যানজট নিরসনে ফিটনেসবিহীন গাড়ি না চালানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ঈদ প্রস্তুতি সভা করে বিআরটিএ।
ওবায়দুল কাদের বলেন, কিছু প্রকৌশলীর কারণে সব প্রকৌশলী দায়ী হবেন কেন? অসাধু প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করেন না, তাদের বাদ দিয়ে দিতে হবে। তিনি বলেন, রাস্তা নির্মাণে ত্রুটি ঠিক করতে হবে।
রাস্তায় ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তায় যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন গাড়ি। এসব গাড়ি রাস্তায় বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। তিনি আরও বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি ধরার জন্য অভিযান চালালে রাস্তায় গাড়ি থাকে না। আমি যাই কই, মানুষ যায় কই?’
বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তা থেকে ফিটনেসবিহীন গাড়ি উঠিয়ে নিতে হবে। উল্টো পথে গাড়ি চলাচল বন্ধ করতে হবে এবং করতেই হবে। এ সময় তিনি বলেন, আজ (রোববার) থেকে ঢাকায় সড়কের উন্নয়নের জন্য সব ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধ থাকবে। ঈদের পর এই কাজ শুরু হবে। আর ৮ জুন থেকে মহাসড়কে রাস্তা নির্মাণের কোনো কাজ হবে না। এই কাজও ঈদের পর শুরু হবে।
প্রস্তুতি সভায় বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়, ঈদের সময় কিছু বাসে রং করা হয়। রং করা মানেই এসব ফিটনেসবিহীন গাড়ি নয়। মানিকগঞ্জ-রাজবাড়ী মহাসড়কের অবস্থা ভালো নয়। এই মহাসড়কে দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে ইচ্ছা করে যানজটের সৃষ্টি করে ফেরিঘাট-সংশ্লিষ্ট লোকজন, যার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফেরি ভালো থাকলেও চালানো হয় না এবং ধীর গতিতে চালানো হয়। এ ছাড়া কুমিল্লা, গাজীপুর চৌরাস্তা এবং চন্দ্রা এলাকায় যানজট সৃষ্টির জন্য ফিটনেসবিহীন গাড়ি জমা করে রাখাকে দায়ী করেন বাস মালিকেরা। মহাসড়কে যেখানে-সেখানে ট্রাক দাঁড় করানোর কারণেও যানজটের সৃষ্টি হয়।
বিআরটিএর চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ ঈদ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।






