মানুষের আগ্রহ বাড়াল সফটএক্সপো

বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের অগ্রগতির কথা এখন অনেকেই জানেন। দেশি অনেক প্রতিষ্ঠান এ খাতে সফলভাবে স্থানীয় ও বিদেশি বাজারে কার্যক্রম পরিচালনা করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশের সম্ভাবনাময় খাতটিকে এগিয়ে নেওয়ার চেষ্টাও চলছে। গতকাল শেষ হওয়া সফটএক্সপো ২০২০ মেলা এই খাতের ইতিবাচক দিকটিই তুলে ধরল।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত চার দিনের এ মেলার আয়োজক ছিল সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল রোববার মেলার সমাপনী দিনেও মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন আগ্রহী দর্শনার্থীরা। মেলার আয়োজকেরা বলছেন, এবারের মেলা শুরু থেকেই ছিল দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিকে সামনে তুলে ধরার আয়োজন। শেষ দিনে এসে তার পূর্ণতা পেয়েছে।
রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে তথ্য ও যোগাযাগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ২০২৫ সাল নাগাদ দেশের সফটওয়্যার রপ্তানি আয় ৫০০ কোটি ডলারে নিয়ে যেতে সরকার ও বেসরকারি খাত হাতে হাত মিলিয়ে কাজ করবে। এ ছাড়া আইসিটি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান করা হবে।

অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি এবং লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজকে আজীবন সম্মাননা দেওয়া হয়।