দুর্বল বিএনপি নিজের ভোটও হারাচ্ছে

টানা প্রায় ১৪ বছর ক্ষমতার বাইরে বিএনপি। রাজনীতির মাঠেও অনেকটাই কোণঠাসা বারবার ক্ষমতায় থাকা দলটি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে ব্যর্থ হওয়া এবং এর পরের বছর ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা দাবির আন্দোলন মুখ থুবড়ে পড়ার পর রাজনীতির মাঠে হতবিহ্বল হয়ে পড়ে বিএনপি। কিছু ব্যতিক্রম ছাড়া সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়াটা (ব্যতিক্রম সিলেট) যেন নিয়মে পরিণত হয়েছে দলটির কাছে।

স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি নির্বাচন। সাম্প্রতিক সময়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয় পায় দলটি। এ ছাড়া সব নির্বাচনেই হেরেছে বিএনপি। হারার পর সরকারি দলের কারচুপি, হামলা–মামলা, কর্মীদের দাঁড়াতে না দেওয়া, কেন্দ্রে এজেন্ট দিতে বাধা দেওয়া, ভোটারদের আসতে না দেওয়াসহ নানা অভিযোগ তোলে বিএনপি। কিন্তু এখন আলোচনায় আসছে শুধু সরকারি দলের কারণেই কী নির্বাচনে হারছে বিএনপি, নাকি নিজেদের ব্যর্থতাও রয়েছে।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই নির্বাচনে সাংগঠনিক কী ধরনের দুর্বলতা ছিল, কোথায় কোথায় ব্যর্থতা রয়েছে, সেসব সংশোধনের কাজ করতে চায় দলটি।