এজেন্ট ব্যাংকিংয়ের হাত ধরে গৃহিণী থেকে উদ্যোক্তা হয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের আলসিন আরিফা। গত ছয় বছরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সেবার তিনটি আউটলেট করেছেন তিনি। বর্তমানে তাঁর পরিচালিত তিনটি আউটলেটে গ্রাহকসংখ্যা ৩ হাজারের বেশি।
আলসিন আরিফা দেশে এজেন্ট ব্যাংকিং সেবার প্রথম নারী এজেন্ট। তবে তাঁর শুরুর গল্পটা ততটা মসৃণ ছিল না। গতকাল নিজেই বললেন, ‘প্রথম আমরা যখন গ্রাহকদের কাছে এজেন্ট ব্যাংকিংয়ের ধারণা নিয়ে গেলাম, তখন তাঁরা বিশ্বাস করতে চাইতেন না। গ্রাহকেরা মনে করতেন, ডেসটিনির মতো আমরাও টাকা নিয়ে চম্পট দেব। ধীরে ধীরে মানুষের ধারণা পাল্টাতে শুরু করে। বর্তমানে এজেন্ট ব্যাংকিং নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।’
ব্যাংক এশিয়ার প্রস্তাবে সিরাজদিখানের রাজানগরে নিজের বাড়িতে ২০১৪ সালের জানুয়ারিতে এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট করেন আলসিন আরিফা। তখন তিনি বিনিয়োগ করেন ২০ লাখ টাকা। পরের মাসেই চিত্রকুট এলাকায় দ্বিতীয় আউটলেট করেন। সে বছরের আগস্টে মরিচায় করলেন আরেকটি আউটলেট। বর্তমানে তাঁর তিনটি আউটলেটে কাজ করেন ছয়জন কর্মী। সেসব আউটলেটে অর্থ জমা থেকে শুরু করে ঋণ দেওয়া, প্রবাসী আয় উত্তোলনসহ বিভিন্ন সেবা পাওয়া যায়।






