পঁয়ত্রিশ বছর পর বেবী নাজনীনের গজলসন্ধ্যা

তিন দশকেরও বেশি সময় আগে ঢাকায় একক গজলসন্ধ্যায় অংশ নিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবি নাজনীন। মাঝে দেশ–বিদেশে অগণিত অনুষ্ঠানে গান করলেও শুধু গজল নিয়ে একক আসরে গান করা হয়নি। এবার স্মৃতিজাগানিয়া একক গজলসন্ধ্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনোতে ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বেবী নাজনীনের একক গজলসন্ধ্যা-সাম ই গজল’। যুক্তরাষ্ট্র থেকে আয়োজক আলমগীর খান আলম জানান, আমেরিকায় বাংলাদেশি কোনো তারকার গজলসন্ধ্যা এটাই প্রথম। তিনি বলেন, ‘বহুমাত্রিক গানের শিল্পী বেবী নাজনীনের অনেক গান রয়েছে। সেই সব গান সবাই সব সময় শোনেন। তিনি যে রবীন্দ্র, নজরুল, হিন্দি, উর্দু এবং গজলেও পারদর্শী, সেটি অনেকেই জানেন না। মূলত সেই ভাবনা থেকেই এই গজলসন্ধ্যার আয়োজন করেছি আমরা।’