বাংলাদেশের ক্রিকেটের দশক-সেরারা

শেষ হয়ে যাচ্ছে একুশ শতকের দ্বিতীয় দশক। নির্দ্বিধায় বলে দেওয়া যায় এ দশকটাই বাংলাদেশে ক্রিকেটের সেরা দশক। এ দশকেই বাংলাদেশ ওয়ানডেতে সমীহ করা শক্তি হয়ে উঠেছে। মাশরাফিরা কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বকাপে, সেমিফাইনাল খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। টেস্টেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় এসেছে। সফল এ দশকে সাফল্যের কারিগরদের কার কেমন পারফরম্যান্স ছিল? এ দশকে কোন সংস্করণে বাংলাদেশের হয়ে কে সবচেয়ে বেশি রান করেছেন, কার উইকেটই-বা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ম্যাচ-ই বা খেলেছেন কে? দশকে বাংলাদেশের সেরাদের নিয়ে এ আয়োজন।

তিন সংস্করণ মিলিয়ে বিদায়ী দশকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। বাঁহাতি ওপেনার করেছেন ১০১৪৩ রান। তবে আলাদা আলাদা সংস্করণে শীর্ষ ব্যাটসম্যানের নামও বদলে গেছে। টেস্টে তামিম, ওয়ানডে মুশফিকুর রহিম ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের সবচেয়ে বেশি রান। সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ—ব্যাটসম্যানদের শীর্ষ চারে তিন সংস্করণেই আছে এই চারটি নাম। পরিবর্তন শুধু পাঁচ নম্বরে।