আঙুলের শোভা বাড়ায় আংটি। স্বর্ণ, রুপা কিংবা ইমিটেশন—যেকোনো ধাতুর তৈরি, যে ধরনেরই হোক আপনাকে রুচিশীল হিসেবে উপস্থাপন করতে আংটির বিকল্প নেই। হাল ফ্যাশনে আংটি যুক্ত করেছে নতুন মাত্রা। তরুণীদের কাছে আংটি কেবল সাজগোজের একটি অংশ নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশেরও একটি মাধ্যম। এই আংটি যেমন আপনার বাহ্যিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, তেমনি আপনার ব্যক্তিত্বকেও তুলে ধরে। আবার আংটি নির্বাচন রুচির ওপরও নির্ভর করে।আঙুল সাজুক বাহারি আংটিতে। আর আংটি পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। ছোট-বড় সবাই হাতের যেকোনো আঙুলে আংটি পরতে পছন্দ করে। আর ফ্যাশনপ্রিয় তরুণ-তরুণীদের ক্ষেত্রে তো কথাই নেই। যেকোনো জায়গায় বেড়াতে যাওয়া, কিংবা অফিস, ভার্সিটি, পার্টি—সব জায়গাতেই আংটির কদর রয়েছে। এ ছাড়া আংটি শুধু একটি আঙুলেই নয়, বরং সব আঙুলেই ব্যবহার করে এর বৈচিত্র্য আনা যায়। তবে কোন জায়গায়, কোন আঙুলে কেমন আংটি পরতে হবে, তা অনেকেরই অজানা। আর আঙুলের মাপ এবং আঙুলের ধরনের গুরুত্ব দিয়ে আংটি কেনা উচিত।
তবে চলুন জেনে নেওয়া যাক কোন আঙুলে কেমন আংটি মানাবে।
কড়ে আঙুলে আংটি পরা নিয়ে বিশেষ কোনো রীতি কিংবা নিয়ম নেই। তাই এই আঙুলে হালকা কাজ করা কিংবা শুধু চক্রাকৃতির আংটি পরতে পারেন। কড়ে আঙুলে ভারী আংটি না পরাই ভালো।
অনামিকা আঙুল হাতের আঙুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিয়ে কিংবা এনগেজমেন্টে এ আঙুলে আংটি পরানো হয়। বাঁ হাতের এ আঙুলে বাগদানের আংটি পরানো হয়। তবে দেশভেদে হাতের দিকে পরিবর্তন আছে। বাঁ হাতের পরিবর্তে ডান হাতে আংটি পরানো হয়ে থাকে। বিয়ের আংটি অবশ্য বাঁ হাতেই পরানো হয়, কারণ এটি একেবারে হৃদয়ের।
মধ্যমা আঙুলের ক্ষেত্রে যেকোনো ধরনের আংটিতেই দেখতে ভালো লাগে। যারা প্রথম প্রথম আংটি পরছেন, তারা এই আঙুলে আংটি পরে থাকেন। এতে ব্যক্তিত্বের যেমন প্রকাশ পায়, তেমনি ছেলেদের ক্ষেত্রে ম্যানলি একটা লুক নিয়ে আসে।
তর্জনী আঙুল বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁকা থাকে। তবে আংটিপ্রেমীদের কাছে এই আঙুলে আংটি পরা ব্যক্তিত্ব প্রকাশের একটি বিষয়। বর্তমানে তরুণ-তরুণীরা এই আঙুলটি ফাঁকা রাখতেই পছন্দ করে।
সাধারণত যারা তাদের প্রাচুর্য এবং নিজেদের আর্থিক অবস্থার কথা জানাতে চান, তারা তাদের বুড়ো আঙুলে স্বর্ণের কিংবা রুপার আংটি পরে থাকেন। কিছু ক্ষেত্রে একই বুড়ো আঙুলে দুটি আংটি পরতেও ভালোবাসেন অনেকে।






