মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যের উদ্বাস্তু শিবিরগুলোতে প্রায় ১ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম ‘অত্যন্ত নোংরা ও মানবেতর পরিস্থিতির’ মধ্যে বসবাস করছেন। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে তাঁদের অবিলম্বে এমন ‘স্বেচ্ছাচারী ও অনির্দিষ্টকালীন’ বন্দিদশা থেকে পরিত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার খবরে বলা হয়, এইচআরডব্লিউ বলেছে, গণ–আটক অবস্থার পরিস্থিতিতে বসবাস করা এই রোহিঙ্গাদের শিবিরগুলো যেন এক একটি ‘উন্মুক্ত কারাগার’।প্রতিবেদনের রচয়িতা শায়না বাউচনার বলেন, ‘মিয়ানমার সরকার ১ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে আট বছর ধরে অমানবিক পরিস্থিতির মধ্যে অন্তরীণ করে রেখেছে। নিজেদের বাড়িঘর, জমিজমা, জীবন–জীবিকা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাঁদের। এই অবস্থা থেকে তাঁদের উত্তরণের আশা সামান্যই।’
মিয়ানমারে ২০১৭ সালের আগে আনুমানিক ১০ লাখ রোহিঙ্গা বসবাস করতেন। তাঁরা প্রজন্মের পর প্রজন্ম দেশটিতে বাস করে আসছেন। কিন্তু সরকার তাঁদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসী হিসেবে গণ্য করে থাকে। তাঁদের নাগরিকত্ব দিতে, এমনকি রোহিঙ্গা হিসেবে আখ্যায়িত করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে সরকার।
২০১৭ সালে রাখাইনে নিষ্ঠুর সেনা অভিযান শুরু হলে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগের দফায় ২০১২ সালে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও নির্যাতন শুরু হলে আড়াই লাখের বেশি নারী–পুরুষ মিয়ানমার ছেড়ে পালিয়ে যান। ওই সময় আরও অন্তত ১ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে উদ্বাস্তু শিবিরগুলোতে ঠাঁই নেন।
আর বর্তমানে রাখাইনজুড়ে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাঁরা এখনো রয়েছেন সেনাবাহিনীর আতঙ্কে। সেনাসদস্যরা তাঁদের সার্বক্ষণিক নজরদারিতে রাখেন।






