প্রবীণদের জন্য ফিজিওথেরাপি

দেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু আগের চেয়ে বেড়ে ৭২ দশমিক ৬ বছর হয়েছে। ফলে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রবীণদের একটি বড় অংশ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, স্ট্রোক, অস্টিওপোরসিস, আর্থ্রাইটিস ইত্যাদি জটিল রোগে ভোগেন। এসব নানা রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবনজনিত জটিলতাসহ (পলিফার্মাসি) প্রবীণেরা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায়ও ভুগছেন। সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে এসব অসুস্থতা ও প্রতিবন্ধকতা এড়ানো সম্ভব। প্রবীণদের নানা সমস্যায় চিকিৎসার পাশাপাশি সহায়ক ভূমিকা রাখতে পারে জীবনাচরণ পরিবর্তন আর ফিজিওথেরাপি।অস্টিওআর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার, ফ্র্যাকচার ইত্যাদি প্রবীণদের বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম। এ কারণে প্রবীণদের ব্যথানাশক ওষুধ খাওয়ার প্রবণতা বেশি। এ ছাড়া হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আঘাত পাওয়া, হাড় ভাঙা, বাত, মেরুদণ্ডে ব্যথা, হাড় ক্ষয় ও শারীরিক দুর্বলতায় ভোগেন তাঁরা। এসব দুর্ঘটনা এড়াতে ব্যালেন্সিং এক্সারসাইজ, স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ গুরুত্বপূর্ণ।