৩৩ বসন্ত পেরিয়ে আজ ৩৪–এ পা দিলেন সাকিব আল হাসান

ক্রিকেট আর বিনোদনের সুসম্পর্কের কথা কে না জানে! ঢালিউডের সবচেয়ে বড় তারকাদের একজন শাকিব খান। অন্যদিকে, সাকিব আল হাসানকে বিশ্ব ক্রিকেটের বড় নাম। আজ ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিন। ৩৩ বসন্ত পেরিয়ে আজ ৩৪–এ পা দিলেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের এই অলরাউন্ডারের জন্মদিনে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। সেখানে সাকিব আল হাসানকে ক্রিকেটের এক অতিমানব বলেছেন শাকিব খান। তিনি বলেছেন, সাকিব সারা বিশ্বে বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত।

শাকিব খান ও সাকিব আল হাসান টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রথম আলোর আয়োজনে একটি ফটোশুটেও অংশ নিয়েছিলেন দুই অঙ্গনের এই দুই তারকা। টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে তোলা দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তাঁর অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই। গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।’