এ বছর ছিল টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৩তম আয়োজন। ১৯৮৫ সালে এশিয়ার সবেচেয়ে নামী এই চলচ্চিত্র উৎসব যাত্রা শুরু করলেও প্রথম তিনটি আয়োজন দুই বছরের বিরতিতে অনুষ্ঠিত হওয়ায় উৎসবের সংখ্যাগত হিসাবের দিক থেকে এবারের আয়োজন হচ্ছে ৩৩তম। দীর্ঘ এই যাত্রাপথে বড় কোনো ধরনের বাধার মুখে পড়তে হয়নি এই আয়োজনকে। ফলে প্রতিবছর এর কলেবর কিছুটা বৃদ্ধিই পেয়েছে। তবে এবারের উৎসব সেদিক থেকে ছিল একেবারেই ভিন্ন।
বিশ্বজুড়ে এখন চলছে করোনাভাইরাস–আতঙ্ক। ভাইরাস নিয়ন্ত্রণে আনার লড়াইয়ে মানুষ এখনো সফল হতে পারেনি। করোনা বিঘ্নিত করে চলেছে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। এরই অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে চলচ্চিত্রের জগতেও পড়ছে করোনার কালো ছায়া।
রোগ যেহেতু ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, ফলে মানুষ এখন আগের মতো দর্শকসমাগমের জায়গায় সহজে এবং নিশ্চিন্তে যেতে পারছে না। এর বাইরে ভ্রমণের ওপরও নেমে এসেছে নানা রকম নিয়ন্ত্রণ। এসব বাস্তবতাকে হিসাবের মধ্যে রেখে বিশ্বের নেতৃস্থানীয় অধিকাংশ চলচ্চিত্র উৎসব অনলাইনেই আয়োজন সেরে ফেলছে। তবে জাপানের রাজধানীতে সদ্য শেষ হওয়া ৩৩তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনলাইনের পাশাপাশি সরাসরি আয়োজনও রেখেছিল বিশেষ একটি বার্তা দিতে। আর উদ্যোক্তাদের সেই বার্তা হচ্ছে, তাঁরা মনে করেন, শত বাধাবিপত্তি সত্ত্বেও মানবসমাজ এর সবটাই কাটিয়ে উঠতে সংকল্পবদ্ধ। উদ্যোক্তারা মনে করেছেন, এই উৎসবের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এই বার্তা তাঁরা বিশ্বজুড়ে পৌঁছে দিতে চান।
তবে উৎসবস্থলে স্বাস্থ্যবিধির কড়াকড়ি ছিল। কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সার্বক্ষণিকভাবে মাস্ক পরা এবং সিনেমা হলে প্রবেশ ও হল থেকে বের হওয়ার পথে হাত জীবাণুমুক্ত করার বাধ্যবাধকতা রেখেই কয়েকটি প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।
জাপানি ছবির পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা প্রদর্শনীকক্ষে উপস্থিত থেকে সাংবাদিক আর দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বিদেশের যেসব ছবি এবারের উৎসবে যোগ দিয়েছে, সেই সব ছবির নির্মাতা বা কুশলীদের কেউ টোকিও আসতে না পারায় উৎসব চলাকালে অনলাইনে এঁদের সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা রাখা হয়। তাতে উৎসবের রঙে একটু ভাটা পড়লেও মেনে নিয়েছেন সবাই। অংশগ্রহণকারীরা বলছেন, এবারের আয়োজন হচ্ছে হাইব্রিড বা মিশ্র। এ রকম নানা নতুনত্বকে মেনে নিয়েই ১১ নভেম্বর সফল সমাপ্তি টেনেছে ৩৩তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।






