হাসপাতালে শুয়ে স্মৃতির পাতায় পেলে

সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপের সময়কার একটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন পেলে। হাসপাতালে শুয়ে স্মৃতির পাতায় চোখ তাঁর। এমনিতেই ১৯৫৮ বিশ্বকাপটা তাঁর জন্য দারুণ স্মরণীয়। ১৭ বছর বয়সী এক কিশোরের দুর্দমনীয় যাত্রার শুরুটা যে সেখান থেকেই। তাঁর কিংবদন্তি হয়ে ওঠার শুরুটাও সেই বিশ্বকাপ থেকে। সুইডেনে সেবার গোটা দুনিয়া চিনেছিল পেলে নামের এক ফুটবল–শিল্পীকে। ব্রাজিল প্রথমবারের মতো জিতেছিল বিশ্বকাপ শিরোপা।

হাসপাতালে চিকিৎসাধীন পেলে নিজের ১৯৫৮ বিশ্বকাপের সময়কার একটি ছবি ফেসবুকে পোস্ট করে আজ ব্রাজিল দলকে শুভকামনা জানিয়েছেন। সুইডেনের একটি শহরের রাস্তায় হাঁটছেন। আলোকচিত্রী এক ফাঁকে সেই মুহূর্তটা ধরেছেন তাঁর ক্যামেরায়। পেলে ফেসবুকে লিখেছেন, ‘১৯৫৮ সালে সুইডেনের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি আমার বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভাবছিলাম। আমি জানি, ব্রাজিল দলের অনেকেই এবার এমন প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম বিশ্বকাপের স্বপ্নও দেখছেন।’