হাতে সমস্যা হলে অন্য হাতের ব্যায়ামও একসঙ্গে করতে পারেন। ব্যথা থাকলে আক্রান্ত অংশ ৩০ মিনিটের জন্য কুসুম গরম পানিতে ডুবিয়ে রাখুন, তাতে আঙুলের জড়তা ও ব্যথা কমবে। এরপর ব্যায়াম করুন। সমস্যার বিস্তার অনুযায়ী ব্যায়ামের মাত্রা কমবেশি হয়ে থাকে। সাধারণত দৈনিক
তিন-চারবার ব্যায়াম করতে হয়। শুরুতে প্রতিটি ব্যায়াম প্রতি বেলায় পাঁচবার করে করবেন। এতে অসুবিধা না হলে ধীরে ধীরে তা বাড়িয়ে ১০ বার পর্যন্ত করা যায়।
এক হাত দিয়ে অন্য হাতের আঙুল টেনে স্ট্রেচিং করা যায়। পেশির শক্তি বাড়াতে বুড়ো আঙুলের ডগার সাহায্যে অন্য আঙুলের ডগায় বিপরীতমুখী চাপ দিন (কর গোনার মতো)। স্ট্রেচিং শেষে আঙুলের প্রতিটি জয়েন্টকে যতভাবে, যত দূর পর্যন্ত নাড়ানো সম্ভব, সেভাবে ব্যায়াম করা যেতে পারে। আঙুলের পেশির শক্তি বাড়াতে বাধা বা ওজনের বিপরীতে ব্যায়াম করা যায়। আঙুল ফোলা থাকলে তা কমাতে নখের নিচ থেকে আঙুলের গোড়া পর্যন্ত মালিশ করা যেতে পারে। স্প্রিং বা রাবার ব্যান্ডের সাহায্যেও আঙুলের ব্যায়াম করা যায়। আঙুল দুর্বল হয়ে গেলে নরম বল হাতে চেপে চেপে ব্যায়াম করা যায়।






