হংকংয়ে গণতন্ত্রকামীদের সহায়তা করায় গ্রেপ্তার ৯

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের পালাতে সহায়তা দেওয়ার অভিযোগে সন্দেহভাজন ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে হংকং পুলিশ।

গত আগস্টে ১২ গণতন্ত্রকামীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ আনা হয়েছে ওই ৯জনের বিরুদ্ধে। ১২ গণতন্ত্রকামী তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় চীনের দক্ষিণাঞ্চলীয় শহর সেনজেনের জলসীমায় চীনের পুলিশের হাতে গ্রেপ্তার হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

হংকং পুলিশের কর্মকর্তা হো চাং-টাংয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৯ জনের মধ্যে চার পুরুষ ও পাঁচ নারী। তারা ওই ১২ ব্যক্তিকে হংকং ছাড়ার জন্য গাড়ি জোগাড়, অর্থ সহায়তা, পালানোর আগে থাকার জায়গা ও তাইওয়ানে আবাসস্থলের ব্যবস্থা করেছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নৌকার মালিকও আছেন।