দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেকেই শিশুকে মুঠোফোনে অভ্যস্ত করে ফেলেছেন। এখন হয়তো সে নিজেও ফোন ছাড়া খাচ্ছে না, জেদ বেড়ে গেছে। কারও সঙ্গে গল্প করা বা আড্ডা দেওয়ার প্রতিও তাদের অনীহা দেখা যায়। এমন অসুবিধা এড়াতে চাইলে শিশুকে বাসায় ব্যস্ত রাখতে পারেন ভিন্ন উপায়ে। তেমনই সাত উপায় দেওয়া হলো।
ছবি আঁকা বা ক্র্যাফটিং
ছবি আঁকা বা ক্র্যাফটিং শিশুর কল্পনার জগৎ আরও উন্মুক্ত দিতে হাতে তুলে দিতে পারেন রং আর তুলি। কৌটার রং, রং পেনসিল, আর্ট পেপার, ইজেল কিনে দিন তাকে। মুঠোফোনে গেম বা ভিডিও থেকে তার চোখ ফিরিয়ে আনুন সাদা কাগজে। যেখানে নিজের কল্পনার জগৎ তৈরি করবে শিশু। তার আঁকা ছবির প্রশংসা করুন, পরামর্শ দিয়ে সাহায্য করুন। শেখাতে পারেন কাগজ দিয়ে নানা রকম খেলনা বা উপকরণ বানানোর কৌশল।
বই পড়া
সারা দিন পাঠ্যবই পড়ার চাপে শিশু যেন বই দেখলেই দৌড়ে না পালায়। তাকে কিছুটা সময় দিন নিজের পছন্দমতো বই পড়তে। কমিকস, রহস্য-রোমাঞ্চ, ভূতের গল্পের মতো নানা ধরনের বই পড়তে ভালোবাসে শিশুরা। নতুন বই কিনে তাকে বই পড়ায় উৎসাহ দিতে পারেন। তার কাছ থেকে তালিকা নিয়ে অনলাইনে বসেও বই কিনে দিতে পারেন। এতে বাইরে যাওয়ার দরকার পড়বে না।






