স্তনের কিছু সাধারণ পরিবর্তন বয়ে আনতে পারে বিপদের বার্তা। কিন্তু এ বিষয়গুলোকে অনেকেই গুরুত্ব দেন না। পরিণামে শরীরে বাসা বাঁধে ক্যানসার। এ কারণেই কিছু বিপৎসংকেত সম্পর্কে জানা থাকা জরুরি:
ফুসকুড়ি: স্তনে ঘামাচির মতো ছোট ছোট ফুসকুড়ি সাধারণত পাত্তা দেওয়া হয় না। এগুলোকে অ্যালার্জি বলেই ধরে নেন অনেকে। কিন্তু স্তনে, বিশেষ করে স্তনবৃন্তের আশপাশে এ ধরনের ফুসকুড়ি দেখা দিলে অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কুঁচকে যাওয়া: স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা টোল খাওয়া বিপদের লক্ষণ হতে পারে। স্তন ক্যানসারের প্রধান লক্ষণগুলোর মধ্যে এটি একটি। এমন হলে হেলাফেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
চুলকানি: স্তনের বিভিন্ন অংশে চুলকানি হতে পারে। স্তনের ত্বক ভীষণ পাতলা। জোরে চুলকালে ছিলে যেতে পারে, কেটে যেতে পারে, রক্তপাতও হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, চাপ লেগে রক্ত জমাট বেঁধে ব্যথা হতে পারে। তাই স্তনে ঘন ঘন চুলকানি হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। এটিও একটি বিপৎসংকেত।






