সেইন নদীতে সাঁতার কেটেছেন শহরের মেয়র এনি হিদালগো

প্যারিসের সেইন নদীতে সাঁতার কেটেছেন শহরের মেয়র এনি হিদালগো। চোখে চশমা ও সাঁতারের পোশাক পরে কয়েক সহকর্মী এবং প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির প্রধান টনি এস্টাংগেটকে নিয়ে নদীতে নামেন তিনি। পরে এস্টাংগেট জানান, তাঁদের সাঁতারের মাধ্যমে প্রমাণ হয়েছে, সেইনের পানি পরিষ্কার ও নিরাপদ। এই নদী অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুত।

২৬ জুলাই প্যারিসে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হিসেবে পরিচিত এই ক্রীড়া উৎসবের একাধিক আয়োজন আছে সেইনে। তবে এখানকার পানি অলিম্পিকের সাঁতার আয়োজনের উপযুক্ত কি না, এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের।সেইনে এক শ মিটারের পথ এপাশ-ওপাশ সাঁতার শেষে হিদালগো বলেন, ‘পানিটা খুবই ভালো। কিছুটা ঠান্ডা। কিন্তু খুব একটা খারাপ নয়।’ ১৯০৪ অলিম্পিকে রোয়িং, ওয়াটার পোলো ও সাঁতার ইভেন্ট হয়েছিল সেইনে। তবে উচ্চমাত্রার জীবাণুর কারণে ১৯২৩ সালে এখানে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়। ২০১৫ সালে এটিকে সাঁতারযোগ্য করে তুলতে ‘সুইমিং প্ল্যান’ গ্রহণ করে প্যারিস কর্তৃপক্ষ। অলিম্পিক গেমসের জন্য নদীর পানি পরিষ্কার ও নিরাপদ করে তুলতে বরাদ্দ করা হয় ১৫০ কোটি মার্কিন ডলার।