সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের বাসিন্দারা সুপেয় পানির সংকটে পড়েছে। গ্রামের বেশির ভাগ নলকূপ থেকে সম্প্রতি ফেনামিশ্রিত পানি বের হচ্ছে, যা খাওয়া ও রান্নায় ব্যবহারের অনুপযোগী হওয়ায় অনেকেই সরবরাহের পানি ব্যবহার করছে। তবে নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে এই পানিই ব্যবহার করছে।
গ্রামটিতে সবচেয়ে বেশি সুপেয় পানির অভাব দেখা দিয়েছে নতুনপাড়ায়। গ্রামজুড়ে এক হাজারের বেশি তাঁত কারখানা থাকায় এগুলোর বর্জ্য ভূগর্ভস্থ পানিতে মিশে এমন সমস্যার তৈরি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি গ্রামটিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা সুপেয় পানির সংকটের কথা জানান। গ্রামবাসীর ভাষ্য, গ্রামে দুই হাজারের বেশি পরিবার আছে। বেশির ভাগ বাড়িতেই আছে গভীর নলকূপ। কিন্তু এসব নলকূপ থেকে ফেনা ও দুর্গন্ধযুক্ত পানি বের হওয়ায় তা ব্যবহার করা যাচ্ছে না। সচ্ছল পরিবারগুলো বোতলজাত পানি ব্যবহার করছে। গ্রামের বেশ কয়েকটি নলকূপ চেপে ফেনামিশ্রিত পানি বের হতে দেখা যায়।
গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে পানির সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তৃষ্ণার সময় শান্তিতে এক গ্লাস পানি পান করা যায় না। এই পানিতে গোসল করলেও শরীর গন্ধ হয়ে যায়।






