ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেসা হত্যা মামলার আসামী কচি সেলামায আদালতে হত্যার দায় স্বীকার করেছে। ওল্ড বেইলি আদালতের শুনানিতে শুক্রবার কচি সেলামাজ হত্যার স্বীকারোক্তি দেয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার কেটোর পার্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবিনা নেসার ওপর অতর্কিত হামলা করে তাঁর শ্বাসরোধ করে সেলামাজ। বন্ধুর সাথে একটি বারে দেখা করতে যাওয়ার পথে হামলার টার্গেট হন ২৮ বছর বয়স্ক সাবিনা নেসা। অপরিচিত কারো ওপর এ ধরনের হামলা করার পূর্ব পরিকল্পনা করেই আসামী ইস্টবোর্ণ থেকে লন্ডন এসেছিল বলে বলা হচ্ছে।
আদালতের শুনানিতে হত্যা মামলার বাদী পক্ষের কৌঁসুলি এলিসন মরগান কিউসি বলেন, চরম সহিংসতার মধ্য দিয়ে হত্যা করা হয় সাবিনা নেসাকে। এই হত্যার সাথে যৌনতা এবং ধর্ষকামীতার উপাদানও পাওয়া গেছে। শুনানিতে বলা হয়, সাবিনা নেসাকে দেখার পর আশেপাশে অন্য কেউ আছে কিনা, তা দেখে নেয় সেলামাজ। এরপর দৌড়ে গিয়ে ধাতুর তৈরি একটি ট্রাফিক ট্রায়াঙ্গল দিয়ে সাবিনাকে ৩৪বার আঘাত করে সেলামাজ। সাবিনা নেসা অবচেতন হয়ে পড়লে তাঁকে তুলে নিয়ে পার্কে শ্বাসরোধ করে। এরপর ইস্টবোর্ণে ফিরে আসার পথে অস্ত্রটি নদীতে ফেলে দেয় সেলামাজ। আদালতের শুনানিতে বলা হয়, কচি সেলামাজ তাঁর আগের পার্টনারের সাথে সহিংস আচরণ করতো; গলার চারদিকে হাত দিয়ে শ্বাসরোধ করার ভঙ্গিতে তাঁকে ধরতো।






