সাদা হলো ১০ হাজার কোটি কালোটাকা

করোনার ডামাডোলের মধ্যেও কালোটাকা সাদা করার ঢালাও সুযোগটি হাতছাড়া করতে চাননি তাঁরা। করোনারা মধ্যেই গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ৬ মাসেই ১০ হাজার ২২০ কোটি কালোটাকা সাদা করে ফেললেন তাঁরা। এই সুযোগ নিয়েছেন ৭ হাজার ৬৫০ জন। শুধু ডিসেম্বর মাসেই ৪ হাজার ২৯২ জন কালোটাকা সাদা করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবারের মতো এমন ঢালাও সুযোগ আর তেমন একটা আসেনি। জমি, ফ্ল্যাট কেনা, শেয়ারবাজারে বিনিয়োগ করে কিংবা ব্যাংক বা নিজের কাছে নগদ টাকাও সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়। ফলে বালিশের তলায় লুকিয়ে রাখা টাকাও সাদা করার সুযোগ মিলেছে। কালোটাকা সাদা করলে অর্থের উৎস জানতে চাইবে না এনবিআর। এমনকি অন্য কোনো কর্তৃপক্ষও এই সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভয়ে যাঁরা এত দিন কালোটাকা সাদা করেননি, তাঁরা এবার এই সুযোগ হাতছাড়া করেননি।