গাজায় যে হামলা চলছে, তা মধ্যপ্রাচ্যের সেই পুরোনো ইমেজকে ফিরিয়ে এনেছে—সংঘাত, যুদ্ধ, রক্তপাত। তবে মধ্যপ্রাচ্যের সব জায়গায় অবশ্য চিত্র একই রকম নয়।
বিনিয়োগবিষয়ক ম্যাগাজিন ব্যারনসের প্রতিবেদনে বলা হয়েছে, একসময় সৌদি আরবের পরিচিতি ছিল ওই অঞ্চলের সবচেয়ে রক্ষণশীল দেশ হিসেবে। কিন্তু বিশ্বের যেসব সমাজ বর্তমানে খুব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সৌদি আরব তার একটি। একই সঙ্গে দেশটির রয়েছে অর্থনৈতিক উচ্চাশা। এই পরিবর্তনের সঙ্গে মানানসই একটি অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটি।
সৌদি আরবের শাসনকর্তা হিসেবে একজন বাদশাহ থাকলেও আসল ক্ষমতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে। তাঁর অধীন দেশটিতে নারী কর্মসংস্থান দ্বিগুণ হয়েছে। যে শিল্প বিনোদন ও ছুটি কাটানোর সব ব্যবস্থা ও অবকাঠামো নিশ্চিত করে, তার অস্তিত্বই ছিল না সৌদি আরবে। এখন সেই শিল্প জমজমাট কর্মকাণ্ড চালাচ্ছে দেশটিতে।






