এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ‘আমরা ওগুলোকে বলি ইরিটেটিং খাবার। যাঁদের অনেক আগে থেকে অভ্যাস আছে, তাঁদের কথা ভিন্ন। তাঁদের হয়তো সকালে খালি পেটে চা বা কফি খেলে চাঙাভাব আসে, বাথরুম ভালো হয়। কিন্তু তাঁদের দেখে অন্যরাও শুরু করলে, তাঁদের হিতে বিপরীত হতে পারে। হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা সকালের নাশতাটা ভালোভাবে খেতে না পারা, এমন অসুবিধা হতে পারে।’
সকালে উঠে চা বা কফি না খেলে খাব কী? সেই সমাধানও জানালেন এই পুষ্টিবিদ। বললেন, ‘সায়েন্টিফিক্যালি একটা দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকার পর চা বা কফি খাওয়া যাবে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খাওয়া সবচেয়ে ভালো। এতে সারা রাতের পানিশূন্যতা দূর হয়। পানি শরীরকে সবচেয়ে ভালোভাবে ডিটক্সিফাই করে। বিকেলের নাশতায় বা মুড়ির সঙ্গে, হালকা কিছু খাওয়ার পর চা বা কফি খাওয়া যেতে পারে। দুধ, চিনি ছাড়া লাল চা বা ব্ল্যাক কফি খেলে ভালো।’
পুষ্টিবিদেরা বলেন, চা বা কফি নিঃসন্দেহে কোনো অস্বাস্থ্যকর পানীয় নয়। কিন্তু খালি পেটে খাওয়া মোটেও স্বাস্থ্যসম্মত নয়। কখন খাওয়া হচ্ছে, কীভাবে খাওয়া হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ।
বারডেম হাসপাতালের সহকারী অধ্যাপক ফিরোজ আমিন জানান, বেড টি পান করার অভ্যাস খুব ভালো কিছু নয়। কেউ যদি একান্তই অভ্যস্ত হয়ে পড়েন, তবে তা থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর। তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি-দুধ ছাড়া লিকার চা পান করতে হবে। গ্রিন টি হলে সবচেয়ে ভালো হয়। কারণ, এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। খালি পেটে কফি পান করার অভ্যাসও স্বাস্থ্যের জন্য খুব খারাপ। সবচেয়ে ভালো হয়, সবাই যদি এই বেড টি থেকে দূরে থাকেন।
কেবল বেড টি বা বেড কফি নয়, ঘুম থেকে উঠে ব্রাশ না করে এক গ্লাস পানিও খাওয়া উচিত নয়। সারা রাত খাদ্যকণা মুখের ভেতর জমা হয়। সেগুলো পচে দুর্গন্ধ আর জীবাণুর সৃষ্টি করে। ঘুম থেকে উঠেই চা বা কফি খেলে সেগুলো সেই পানীয়র সঙ্গে চলে যায় পেটে। ফলে পেট খারাপ বা আরও পেটের জটিলতায় ভোগার দুয়ার খুলে যায়।






